অ কোকিল কোকিল
তোমার সুরটা আমায় দেবে গো?
আচ্ছা আচ্ছা রাগ করে না
সবদিন তো না,
শুধু একদিন দা…ও!
দেখ দেখ চারদিক কেমন আগুন স্নান
শাল, পলাশ আর ঐদিকের ওই যে বৃক্ষ
ওটা কৃষ্ণচূড়া
ওরা সব আমার বন্ধু তো!
আমি বললেই ওরা তোমায় খেলতে নেবে
দুলতে দুলতে নামতাও শেখাবে
শুধু তোমার সুর টা একবার আমায় দাও!
সে বসন্তেও আগুন ছিল ফাগুন মাসে
বাবার ফেরার কথাও ছিল
খুকু তোর জন্য টুকটুকে লাল জুতো নিয়েছি
আর কী চাস, বল আমায়?
আমি বললাম, তুমি তাড়াতাড়ি এস বাবা
আর কিছুই যে চাই না!
এল তো ঠিকই
বসন্তের লাল জড়িয়ে শহীদ এল।
আমার বাবার বুকের উপর শুধুই লাল!
শুধুই আগুন!
মা বললো, ও! এত আগুন কেন?
বসন্ত এসেছে বুঝি?
তোর বাবার গায়ে বসেছে?
কিন্তু এ যদি বসন্ত, তবে কোকিল ডাকে কই?
বাড়ির পাশের সব আগুন গাছ কেটে ফেলেছে
জ্যেঠু।
মাকে রোজ ডাক্তারে দেখে যায়
মা রোজ একই কথা বলে।
যাহ! ও আমার বসন্তই নয়!
বসন্ত হলে কোকিল ডাকত না?
এত দূর থেকে তোমার ডাক
যায় না মায়ের কাছে
তাই চাইছি দু হাত পেতে
দাও না কোকিল একটিবার
আমি মাকে তোমার গান শুনিয়ে বলে আসি
মা…মাগো! বসন্ত কোনোদিন হারায় না!
প্রতি বছরের শেষ দুটো মাস
সে আসে, তোমায় ভালোবাসে।
এই দেখ কোকিলের সুর এনেছি!
কী বললে, দেবে?
দাও দাও বন্ধু আমার একটুকু গান দাও!
হ্যাঁ হ্যাঁ আমার বাবার সমাধিতে গিয়েও
শুনিয়ে আসব, বাবা! দেখো মায়ের জন্য
কোকিল নিয়ে যাচ্ছি!
চুপিচুপি বাবাকে বলা শেষ কথাটা আমি
শুনে নিয়েছিলাম যে!
শুনছ! আমি না গানটা আবার শুরু করতে চাই
এবার এসে একটা হারমোনিয়াম কিনে দেবে?
বাবা হেসেছিল। বলেছিল,
বসন্তের কোকিল হবে খুকুর মা?
আমি যাই বন্ধু! মাকে কোকিল গান দিয়ে আসি।
তুমি কিন্তু কোত্থাও যেও না…
এই যাব আর আসব!
ডাক্তারকাকু জ্যেঠুকে বলে গেছেন
সময় বড় কম…
___________
SUJAN MITHI (SUJATA MISHRA)
No comments:
Post a Comment